চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গুর প্রাদুর্ভাব তীব্র রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসাধীন অবস্থায় এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোররাতের দিকে জেলা হাসপাতালে তাদের মৃত্যু হয়।
নিহত ব্যক্তিরা হলেন- জেলা শহরের শিবতলা চাঁদলাই এলাকার আরিফুল ইসলামের স্ত্রী ফেরদৌসী খাতুন (৩০) এবং আরামবাগ এলাকার মনিরুল ইসলামের ছেলে মহব্বত আলী (১৩)।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত ফেরদৌসী খাতুন গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় তার শরীরে ডেঙ্গু এনএস-১ পজিটিভ ধরা পড়ে। অন্যদিকে, ১৩ বছর বয়সী শিশু মহব্বত আলীকে তীব্র জ্বর ও শরীর ব্যথাসহ ডেঙ্গুর বিভিন্ন উপসর্গ নিয়ে গতকাল রাত ১১টার দিকে ভর্তি করা হয়। তবে প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করার আগেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুব হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। আক্রান্ত রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। তবে ডেঙ্গুর লক্ষণ দেখা দেওয়ামাত্রই রোগীদের দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দিয়েছেন তিনি।
—জা. অর্থনীতি/এলএটি