লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন (৭৮) আর নেই।
শনিবার (২০ জুন) রাত দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যাপক মাহবুবে এলাহি সানি বলেন, মরহুম মোশাররফ হোসেন তার চাচা শ্বশুর ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, আজ বাদ আছর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।
মোশাররফ হোসেন মুক্তিযুদ্ধকালীন সময়ে জয় বাংলা বাহিনীর (বিএলএফ) নোয়াখালী ও হাতিয়া অঞ্চলের জোনাল কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) ছিলেন।
রাজনৈতিক জীবনে তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সহসভাপতি ছিলেন। ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর-৪ আসন থেকে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। সবশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
—জা. অর্থনীতি/এনজে
