বিনোদন ডেস্ক: ভারতের বক্স অফিসে নতুন রোমান্টিক ড্রামা ‘ককটেল ২’ শক্তিশালী যাত্রা শুরু করেছে। ট্রেড রিপোর্ট অনুযায়ী, সিনেমাটি মুক্তির প্রথম দিনেই ভারতে প্রায় ১৩.৫০ কোটি টাকা নেট আয় করেছে। একই দিনে বিশ্বব্যাপী মিলিয়ে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ২০ কোটি টাকা-এর কাছাকাছি।
এর আগে, সিনেমাটির অগ্রিম বুকিংয়ের পরিসংখ্যান প্রযোজকদের মুখে হাসি ফুটিয়েছিলো। প্রেক্ষাগৃহে আসার আগেই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে এই সিক্যুয়েল। অগ্রিম বুকিংয়ের চোখ ধাঁধানো পরিসংখ্যান দেখে খুশির হাওয়া বয়ে যায় সিনেমাটির প্রযোজকদের মনে। ট্রেড ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির আগের দিন বৃহস্পতিবার সকাল পর্যন্ত ছবিটির ৭১ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়। বিশেষ করে বড় শহরগুলোর মাল্টিপ্লেক্সে দর্শক উপস্থিতি ছিল তুলনামূলকভাবে বেশি। তবে, সিঙ্গেল স্ক্রিনে পারফরম্যান্স কিছুটা ওঠানামা করেছে।
স্যাকনিল্কের প্রতিবেদনে জানানো হয়, সংরক্ষিত আসন বাদ দিলেও ‘ককটেল ২’ ছবিটির অগ্রিম গ্রস কালেকশন দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৪৯ লাখ রুপি। আর যদি ব্লক সিটসহ হিসাব করা হয়, তবে মুক্তির আগেই এই আয়ের অঙ্ক এক লাফে পৌঁছে গেছে ৪ কোটি ৬৬ লাখ রুপি। সিনেমা বিশেষজ্ঞদের মতে, মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ের জোয়ার বক্স অফিসে দারুণ কিছুর ইঙ্গিত দিচ্ছে।
শাহিদ কাপুর, কৃতি স্যানন ও রাশমিকা মান্দান্না অভিনীত এই ছবিটি তারকাবহুল কাস্ট এবং জনপ্রিয় ঘরানার কারণে আগেই আলোচনায় ছিল। প্রথম দিনের রিপোর্টে সিনেমাটি দর্শক ও সমালোচকের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে—কেউ গল্প ও অভিনয়কে ইতিবাচকভাবে দেখলেও, কেউ চিত্রনাট্য নিয়ে প্রশ্ন তুলেছেন।
সব মিলিয়ে, শক্তিশালী ওপেনিংয়ের মাধ্যমে ‘ককটেল-২’ বক্স অফিসে উল্লেখযোগ্য যাত্রা শুরু করেছে এবং ২০২৬ সালের বড় ওপেনারদের তালিকায় জায়গা করে নিয়েছে।
প্রসঙ্গত, ২০১২ সালে মুক্তি পেয়েছিলো ব্লকবাস্টার হিট সিনেমা ‘ককটেল’। সেই সময় সাইফ আলি খান, দীপিকা পাড়ুকোন এবং ডায়ানা পেন্টির অনস্ক্রিন রসায়ন দর্শকহৃদয় জয় করেছিলো।
—জা. অর্থনীতি/এনএ
