রেস্তোরাঁয় ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে মানববন্ধন
ছবি: জাতীয় অর্থনীতি

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর বিনোদপুর বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে 'বাংলা টিফিন' ও 'বঙ্গভোজ' নামে দুটি রেস্তোরাঁয় ব্যাপক ভাঙচুর, লুটপাট ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছাত্রশিবির নেতার নেতৃত্বে চালানো এই হামলায় রেস্তোরাঁ দুটির আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং সন্ত্রাসীদের ছোঁড়া ককটেল বিস্ফোরণে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির এই তথ্য নিশ্চিত করেন। 

শনিবার (২০ জুন) রাত ৯টার দিকে ছাত্রশিবিরের নেতা রমজানের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে 'বাংলা টিফিন' ও 'বঙ্গভোজ' হোটেলে চড়াও হয়। ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে এবং ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে মহানগরীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, বিনোদপুর বাজারের একটি রেস্তোরাঁর কর্মচারীর সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে এক ব্যক্তির কথা কাটাকাটি হয়।  হামলাকারীরা মুহূর্তের মধ্যে রেস্তোরাঁ দুটিতে ব্যাপক ভাঙচুর শুরু করে এবং ক্যাশ বাক্সসহ মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে ঘটনার শুরুতেই সন্ত্রাসীরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করে। এতে এক পুলিশ সদস্য আহত হন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ক্ষতিগ্রস্ত হোটেল দুটির মালিক মোর্শেদ শাকিল বলেন, "আমাদের রেস্তোরাঁয় খাবারের মান ও সর্বোচ্চ সেবায় আমরা অঙ্গীকারাবদ্ধ। কোনো কর্মচারী খারাপ আচরণ করলে আমরা তাৎক্ষণিক প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নিয়ে থাকি। যতদূর জানি, এটি একটি ছোট্ট ঘটনা থেকে সূত্রপাত। তবে এর প্রেক্ষাপটে এমন ভয়াবহ তাণ্ডব আমরা কোনোভাবেই প্রত্যাশা করিনি। এর পেছনে অন্য কোনো কারণ বা পূর্বপরিকল্পনা থাকতে পারে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।"

এদিকে ব্যবসা প্রতিষ্ঠানে এমন বর্বরোচিত হামলার প্রতিবাদে সাহেব বাজার জিরো পয়েন্টে এক শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, রাজশাহী জেলা শাখা। মানববন্ধনে বক্তারা বলেন, "ব্যবসা প্রতিষ্ঠানে এমন হামলার ঘটনা সাধারণ ব্যবসায়ীদের মাঝে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের সৃষ্টি করেছে। অবিলম্বে এই হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং রাজশাহীর সব ব্যবসায়ীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।"

মতিহার থানার ওসি জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ত্রাসীদের ছোঁড়া ককটেল বিস্ফোরণে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে বিনোদপুর বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। এই হামলার সাথে জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারে পুলিশের চিরুনি অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি