ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে ৫টি ফার্মেসিকে মোট ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ও ভেতরে থাকা এসব ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।
অভিযানকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা ওষুধ তত্ত্বাবধায়ক মো. ইকবাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলা ওষুধ প্রশাসনের আবেদনের ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ফার্মেসিগুলোতে এই অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় মা মনোয়ারা ফার্মেসি, সততা ফার্মেসি ও ফারদিন ফার্মেসিসহ ৫টি ফার্মেসিকে অপরাধের দায়ে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ভবিষ্যতে এসব কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির বলেন, জনস্বার্থে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অবৈধভাবে সংরক্ষিত ওষুধের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতে পুরো উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত রাখবে প্রশাসন।
—জা. অর্থনীতি/এলএটি