শারীরিক অসুস্থতায় ভুগছেন সোনু নিগম, জানালেন নিজেই

বিনোদন ডেস্ক: হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম। তিনি নার্ভের যন্ত্রণায় কাতরাচ্ছেন বলে জানা গেছে। আকস্মিক এই শারীরিক অসুস্থতার কারণে গান গাওয়া থেকে সাময়িক বিরতিতে আছেন গায়ক। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্তরা। 

নিজের শারীরিক অসুস্থতার কথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন সোনু। সম্প্রতি ইনস্টাগ্রামে আপলোড করা একটি ভিডিও বার্তায় নিজের অসুস্থতা নিয়ে কথা বলেন তিনি। সেখানে গলার পাশে একটি বিশেষ প্যাচ দেখা যায়, যা দেখে অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়। 

ভিডিওতে সোনু জানান, গত এক সপ্তাহ ধরে ঘাড় ও গলার কাছের একটি স্নায়ুজনিত সমস্যায় ভুগছেন তিনি। এ কারণে বেশ যন্ত্রণার মধ্যেই দিন কাটছে তার। 

ভিডিও থেকে জানা যায়, বাঁ দিকের গলার নার্ভে ব্যান্ডেজ করা হয়েছে সোনুর। গলার কাছের এ স্থানের নার্ভেই চাপ পড়েছে। এ ব্যথায় এক সপ্তাহের বেশি সময় ধরে ভুগছেন। 

এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, এ সমস্যায় গায়ককে ১ মাসের বেশি সময় ধরে ভুগতে হতে পারে। নিজের শারীরিক অসুস্থতা প্রসঙ্গে গলার কাছটা দেখিয়ে সোনু ভক্তদের উদ্দেশ্য করে বলেন, ‘আমার এখানের এই নার্ভে চাপ পড়ছে। গত এক সপ্তাহ ধরে এটা নিয়ে ভুগছি। এমআরআই, সিটি স্ক্যান সব হয়েছে। ওষুধ খাচ্ছি। ফিজিওথেরাপি চলছে। খুব কষ্টদায়ক। যন্ত্রণার মধ্যে আছি।’ 

চিকিৎসকের পরামর্শে ব্যথার যন্ত্রণা থেকে মুক্তি পেতে আর আক্রান্ত পেশী শিথিল করতে এখন পেইনকিলার খাচ্ছেন সোনু নিগম। এ ওষুধ সোনুর গলার সুরকে কিছুটা ভারী করে তুলেছে। 

এ কারণে আসন্ন কনসার্টে গান গাওয়ার সময় কণ্ঠের পরিবর্তন অনুভব করতে পারেন এ শিল্পী। সংগীতপ্রেমী ও ভক্তরা যা নিয়ে উদ্বেগে রয়েছেন। তবুও পেশাগত জায়গা থেকে কমিটমেন্ট ঠিক রাখতে আসন্ন কনসার্ট বাতিল করবেন না বলে স্পষ্ট জানান বলিউডের এ সুরের জাদুকর। 

উল্লেখ্য, কয়েক দশক ধরে ভারতীয় সংগীতাঙ্গনের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী সোনু নিগম। ‘অভি মুঝমে কহি’, ‘বোলে চুড়িয়া’, ‘দিল ডুবা’ এবং ‘জানে নেহি দেঙ্গে তুঝে’সহ অসংখ্য জনপ্রিয় গানের মাধ্যমে তিনি কোটি কোটি শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। 

—জা. অর্থনীতি/এনএ