মানিকগঞ্জ প্রতিনিধি: ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ পেয়েছে মানিকগঞ্জের প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী ‘হাজারি গুড়’।
জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা অঞ্চলে উৎপাদিত এই গুড় দীর্ঘদিন ধরে তার অনন্য স্বাদ, সুগন্ধ ও বিশেষ উৎপাদন পদ্ধতির জন্য দেশজুড়ে সমাদৃত। এবার ঐতিহ্যবাহী এ পণ্য দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও সুনাম অর্জন করেছে।
সোমবার (১৫ জুন) শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর (ডিপিডিটি) ‘মানিকগঞ্জের হাজারি গুড়ের’ জিআই নিবন্ধন সনদ ইস্যু করে।
অধিদপ্তরের মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত জিআই (আর) ফরম-১ এর মাধ্যমে এ স্বীকৃতি দেওয়া হয়।
নিবন্ধন সনদে উল্লেখ করা হয়, মানিকগঞ্জের ‘হাজারি গুড়’ জেলা প্রশাসক, মানিকগঞ্জের নামে ৩০ শ্রেণিতে জিআই-৬২ নম্বরে ২০ ফেব্রুয়ারি ২০২৪ থেকে নিবন্ধিত হয়েছে। এর মাধ্যমে ‘হাজারি গুড়’ দেশের ৬৪তম নিবন্ধিত ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, হাজারি গুড়ের স্বাদ, গুণগতমান ও ঐতিহ্যবাহী উৎপাদন পদ্ধতির আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে এই জিআই সনদ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ফলে দেশীয় বাজারে পণ্যের গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানির নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা এই গৌরবময় অর্জনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা) (মানিকগঞ্জ-৩), এস. এ. জিন্নাহ কবীর (মানিকগঞ্জ-১) এবং মঈনুল ইসলাম খান (মানিকগঞ্জ-২)-এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, তাদের সহযোগিতা, দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতা এ অর্জনকে ত্বরান্বিত করেছে।
এছাড়াও হাজারি গুড়ের জিআই সনদ অর্জনের লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়েছেন মানিকগঞ্জের সাবেক জেলা প্রশাসক ও বর্তমান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্মসচিব ড. মানোয়ার হোসেন মোল্লা।
সংশ্লিষ্টদের আশা, জিআই সনদ পাওয়ায় হাজারি গুড়ের ব্র্যান্ড মূল্য বহুগুণে বৃদ্ধি পাবে। এতে স্থানীয় উৎপাদক ও ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, কারিগরদের জীবনমান উন্নয়ন এবং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করতে এই স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
—জা. অর্থনীতি/এনজে