নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের পরিচালক (গবেষণা) ড. মো. সাখাওয়াত হোসেন নির্বাহী পরিচালক (গবেষণা) পদে পদোন্নতি পেয়েছেন। বুধবার (১৭ জুন) বাংলাদেশ ব্যাংকের এক আদেশে তাঁকে এ পদে পদোন্নতি দেওয়া হয়।
ড. সাখাওয়াত হোসেন ১৯৯৪ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি গবেষণা বিভাগ, পরিসংখ্যান বিভাগ, এসএমই ইউনিট এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতেও দায়িত্ব পালন করেন।
শিক্ষাজীবনে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে “Import–Export Demand Functions and the Balance of Payments Stability in Bangladesh” শীর্ষক গবেষণার ওপর পিএইচডি ডিগ্রি লাভ করেন। অর্থনীতি ও কেন্দ্রীয় ব্যাংকিং বিষয়ে তাঁর একাধিক গবেষণা প্রবন্ধ দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে।
পেশাগত দক্ষতা উন্নয়নের অংশ হিসেবে তিনি সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।
টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার সিঙ্গুরিয়া গ্রামের বাসিন্দা ড. সাখাওয়াত হোসেন একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা প্রয়াত আলহাজ্ব তাজউদ্দিন ও মাতা মরহুমা হুরিয়া বেগম। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত এবং দুই কন্যা সন্তানের জনক।
বাংলাদেশ ব্যাংকের গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
—জা. অর্থনীতি/এএইচএ