বিনোদন ডেস্ক: চলছে ফুটবলের সবচেয়ে জমজমাট আসর বিশ্বকাপ। এ উন্মাদনায় ভাসছে চারদিক। তারকাদের মাঝেও এই উচ্ছ্বাস তুঙ্গে। এর ছোঁয়া লেগেছে দেশের ফুটবল অঙ্গনেও। এবার পাওয়া গেলো ভিন্ন খবর। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া অভিনয়ে নাম লেখালেন। মাঠের সবুজ গালিচা ছেড়ে এবার লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় হাজির হলেন এ ফুটবলার। ‘ব্রাজেন্টিনা’ নামের একটি বিশেষ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন এই ফুটবল তারকা।
সম্প্রতি ঢাকার কলাবাগানের একটি মাঠে এই সিরিজের দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে নির্মিতব্য সিরিজটির নির্মাতা তারিক মুহাম্মাদ হাসান।
এর আগেও ফুটবল ও ক্রিকেট তারকাদের নিয়ে একাধিক ক্রীড়াভিত্তিক নাটক নির্মাণ করে প্রশংসিত এই নির্মাতা। তবে, এবারই প্রথম তিনি বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ককে নিয়ে ওটিটি প্ল্যাটফর্মের জন্য বড় পরিসরে কাজ করছেন।
সিরিজটিতে জামাল ভূঁইয়ার সঙ্গে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। ইতোমধ্যেই সামাজিকমাধ্যমে শুটিং সেট থেকে জামাল ভূঁইয়ার কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে, যা দর্শকদের মাঝে বেশ আগ্রহের জন্ম দিয়েছে। ফুটবল বিশ্বকাপের এই মৌসুমে নির্মাতার এমন সিদ্ধান্তকে অত্যন্ত সময়োপযোগী বলে আখ্যা দিচ্ছেন নেটিজেনরা।
এ সিরিজের শুটিং সেটে তাসনুভা তিশা ছাড়াও জামাল ভূঁইয়ার সঙ্গে ছোট পর্দার পরিচিত মুখ লামিমা লামকেও দেখা গেছে।
এদিকে, প্রথমবার অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে সংবাদমাধ্যমকে জামাল ভূঁইয়া জানান, এর আগে কয়েকটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকলেও নাটকে বা সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা এবারই প্রথম। পুরো বিষয়টি বেশ ম্যাজিক্যাল লাগছে। ক্যামেরার সামনে অভিনয়ের ব্যাপারটা সহজ নয় বলেও মন্তব্য করেন এই ফুটবল তারকা।
জানা গেছে, মোট আট পর্বে নির্মিত হচ্ছে ‘ব্রাজেন্টিনা’ সিরিজটি। এতে তাসনুভা তিশা ও লামিমা লাম ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শরাফ আহমেদ জীবন, সহিদ উন নবী ও ইশতিয়াক আহমেদ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩০ জুন থেকে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে সিরিজটির প্রচার শুরু হবে।
—জা. অর্থনীতি/এনএ