ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে সপ্তাহখানেক শান্ত থাকার পর আবারও পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে স্থানীয় বাসিন্দা ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ প্রতিরোধে বিএসএফ-এর সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
স্থানীয়রা জানান, গত এক মাস ধরে পুশইন আতঙ্ক চললেও গত সাত দিন মহেশপুর সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক ছিল। কিন্তু গত রাতে ৪ থেকে ৬ জনের একটি দলকে গাড়িতে করে সীমান্তের কাছে নিয়ে আসে বিএসএফ। পরে রাতের আঁধারে তাদের কাঁটাতারের এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়।
সীমান্তবর্তী বাসিন্দারা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে জড়ো হন এবং বিজিবিকে খবর দেন। পরবর্তীতে গ্রামবাসী ও বিজিবির কড়া অবস্থানের মুখে পুশইনকারীরা পিছু হটতে বাধ্য হয়।
বিজিবি জানিয়েছে, এই ঘটনার পর সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মহেশপুর বিজিবি কমান্ডার বলেছেন, সীমান্তে দিন-রাত নিরাপত্তা জোরদার করা হয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি