লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের ধরলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই ভাইয়ের মধ্যে বড় ভাইয়ের লাশ ৩০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ জুন) বিকেলে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় নদী থেকে তার লাশ ভেসে ওঠে। লালমনিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রোকন উজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।
মৃত সাব্বির হোসেন (১৫) সদর উপজেলার মোগলহাট ট্যাম্পু স্ট্যান্ড এলাকার হেলাল হোসেনের ছেলে এবং স্থানীয় মোগলহাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। তার ছোট ভাই অষ্টম শ্রেণির ছাত্র সাওন হোসেন (১৪) এখনও নিখোঁজ রয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, রোববার দুপুরে বন্ধু মেহেদিসহ ধরলা নদীতে গোসলে নামে দুই ভাই সাব্বির ও সাওন। এ সময় হঠাৎ তীব্র স্রোতে তারা দুজনেই তলিয়ে যায়। তীরে থাকা এক জেলে তাদের ডুবতে দেখে দ্রুত নদীতে নেমে বন্ধু মেহেদিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে পারলেও দুই ভাই নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয় ও বিজিবি সদস্যদের পর ফায়ার সার্ভিস এবং রংপুরের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। সোমবার বিকেলে হঠাৎ বড় ভাই সাব্বিরের লাশ ভেসে উঠলেও ছোট ভাইয়ের সন্ধান মেলেনি।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বলেন, "বড় ভাই সাব্বিরের লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ছোট ভাই সাওনের সন্ধানে আমাদের উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।"
—জা. অর্থনীতি/এলএটি
