লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২টি ভারতীয় গরু এবং একটি মেশিনচালিত নসিমন গাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি-এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করতে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোরে ঝালংগী বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত শূন্য লাইন থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝালংগী দাঙ্গারবাড়ি নামক এলাকায় অভিযান পরিচালনা করে। এর আগে গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে ৬১ বিজিবির ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল সীমান্ত থেকে প্রায় ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ভাণ্ডারদহ পাকা রাস্তা সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালায়।
পরপর পরিচালিত এই দুটি পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় মোট ১২টি ভারতীয় গরু এবং চোরাচালানে ব্যবহৃত ১টি মেশিনচালিত নসিমন গাড়ি আটক করে বিজিবির টহল দল। জব্দকৃত ভারতীয় গরু ও অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য প্রায় ১১ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহা. শাহীনুল ইসলাম, পিএসসি, ইঞ্জি. প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, চোরাচালান রোধ এবং সীমান্ত অপরাধ কার্যকরভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির এ ধরনের কঠোর অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
—জা. অর্থনীতি/এলএটি
