মানিকছড়িতে বিএনপি কার্যালয়ে হামলা, আহত ৫
ছবি: জাতীয় অর্থনীতি

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়িতে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে হামলার ঘটনায় দলটির ৫ নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। 

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাপমারা এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় সাপমারা এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে ৭ নভেম্বর উপলক্ষে প্রস্তুতি সভা চলছিল। এ সময় দলীয় নেতাকর্মীরা কার্যালয়ের পাশের একটি দোকানে মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদীনের ছোট ভাই মো. আমির হোসেনকে (৪০) দেখতে পান। পরে তাকে আটক করে দলীয় কার্যালয়ে নিয়ে আসেন কয়েকজন নেতাকর্মী।

এ খবর ছড়িয়ে পড়লে প্রতিপক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের স্বজনেরা একত্রিত হয়ে বিএনপির কার্যালয়ে অতর্কিত হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্র, দা ও লাঠিসোটা নিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করেন এবং আমির হোসেনকে ছাড়িয়ে নিয়ে যান। হামলায় বিএনপির ৫ নেতাকর্মী আহত হন।

পরে স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতরা হলেন- শফিকুল ইসলাম সুজন (৩০), মো. শাহাদাত হোসেন (২০), মো. সাদ্দাম হোসেন (২৮) ও মো. ফারুক হোসেন (৩০)। তাদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের নেতা শফিকুল ইসলাম সুজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি।

মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, সাপমারা এলাকায় আমাদের দলীয় কার্যালয়ে ৭ নভেম্বর পালন উপলক্ষে প্রস্তুতি সভা চলছিল। এ সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মানিকছড়ি উপজেলা সভাপতির ভাইকে কয়েকজন নেতাকর্মী আটক করে কার্যালয়ে নিয়ে আসেন। পরে আওয়ামী লীগ ও তাদের স্বজনেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিএনপি কার্যালয়ে হামলা চালান। হামলা করে আমির হোসেনকে ছাড়িয়ে নিয়ে যান। এতে আমাদের ৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জন চট্টগ্রামে চিকিৎসাধীন রয়েছেন। স্বেচ্ছাসেবক দলের নেতা শফিকুল ইসলাম সুজন গুরুতর আহত হয়েছেন।

তিনি আরও বলেন, ঘটনার পর পুলিশ এলাকায় তল্লাশি চালালেও কাউকে আটক করতে পারেনি। এ ঘটনায় মানিকছড়ি থানায় মামলা দায়ের করা হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ চৌধুরী বলেন, এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাতে বিক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা এলাকায় বিক্ষোভ মিছিল করেন। এ সময় বাড়িঘর ভাঙচুরের খবরও পাওয়া গেছে। তবে এ ভাঙচুরের ঘটনায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

—জা. অর্থনীতি/এনজে