মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুরে পারিবারিক কলহের জেরে দেবরের বিরুদ্ধে ভাবি ও ভাতিজাকে খুনের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত হয়েছেন বড় ভাই ছালাম।
শনিবার (৩০ মে) রাত ১০টার দিকে উপজেলার বাচামারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের কাচারিপাড়া গ্রামের সালামের স্ত্রী আমেনা বেগম (৩০) ও তার দুই বছরের শিশু পুত্র আসলাম।
বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নেশাখোর দেবর ইউসুফ তার বড় ভাইয়ের কাছে ব্যবসার জন্য টাকা চাইলে বড় ভাই টাকা দিতে অস্বীকার করে। এতে দুই ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরই জের ধরে আজ ১০টার দিকে নিজগৃহে ভাবি আমেনাকে (৩০) গলা কেটে ও ভাতিজা আসলামকে (২) শ্বাসরোধ করে হত্যা করে ইউসুফ।
হত্যাকাণ্ড শেষে বড় ভাই সালামকে জরুরিভিত্তিতে বাড়িতে আসার জন্য ফোন করে ইউসুফ। পরে বড় ভাই সালাম দোকান বন্ধ করে বাড়িতে আসার সাথে সাথে তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে ইউসুফ। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ছালামাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার জানান, দৌলতপুর উপজেলার বাঁচামারা বাজারের কাপড় ব্যবসায়ী ছালামের স্ত্রী আমিনা ও শিশুপুত্র আসলামকে ছোট ভাই ইউসুফ আলী হত্যা করে পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ছালামকে আহত অবস্থায় উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
—জা. অর্থনীতি/এনজে