‘সোশ্যাল মিডিয়ায় হুমকি’ নিয়ে যা বললেন ন্যানসি

বিনোদন ডেস্ক: দেশের সমসাময়িক বিভিন্ন বিষয়ে সব সময় কথা বলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। থাকেন রাজনীতি নিয়েও সচেতন। এবার দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই কণ্ঠশিল্পী। বরাবরের মতো এবারও নিজের স্পষ্ট বক্তব্যে আলোচনায় উঠে এসেছেন তিনি। কথা বললেন ‘সোশ্যাল মিডিয়ায় হুমকি’ পাওয়া নিয়ে। 

রোববার (২৪ মে) দুপুরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন ন্যানসি । সেখানে তিনি লেখেন, ‘পলাতক নেত্রীর পলাতক ভাই-বোনগুলোকে শুধু সোশ্যাল মিডিয়াতেই হুমকি দিতে দেখি। এরা আজকাল কোন গ্রহে থাকে?’ 

যদিও স্ট্যাটাসে তিনি কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি, তবে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নেটিজেনদের অনেকেই বিষয়টি নির্দিষ্ট একটি পক্ষের প্রতি ইঙ্গিত হিসেবেই দেখছেন। 

ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মগোপনে থাকা কিছু নেতাকর্মী ও তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতিকেই ইঙ্গিত করেছেন এই গায়িকা। বিশেষ করে, আড়ালে থেকে বিভিন্ন সময় হুমকি কিংবা উসকানিমূলক মন্তব্যের প্রসঙ্গ সামনে এনে তিনি এমন মন্তব্য করেছেন বলে মনে করছেন অনেকে। 

ন্যান্সির এই স্ট্যাটাস প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগী ও নেটিজেনদের নানা প্রতিক্রিয়াও দেখা যায়। 

এর আগেও দেশের বিভিন্ন সামাজিক অসঙ্গতি ও রাজনৈতিক ইস্যুতে সরব হতে দেখা গেছে এই কণ্ঠশিল্পীকে। নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরার কারণে একাধিকবার সমালোচনার মুখেও পড়েছেন তিনি। 

—জা. অর্থনীতি/এনএ