চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুর্বৃত্তদের হাতে ব্যাপক আমগাছ নিধনের ঘটনা ঘটেছে।
বুধবার (২৯ এপ্রিল) রাতের কোনো এক সময় উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের মৃত জিল্লার রহমানের ছেলে আমিনুল ইসলামের গোপালনগর মাঠে থাকা প্রায় ৭০টি ‘বারি-৪’ জাতের আমগাছের মধ্যে ৪৬টি গাছ রাতের অন্ধকারে কেটে ফেলা হয়েছে। গাছগুলোতে থোকায় থোকায় আম ধরেছিল, ফলে এতে ব্যাপক আর্থিক ক্ষতির দাবি মালিকের।
ক্ষতিগ্রস্ত আমিনুল ইসলাম জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি নিশ্চিত নন। তবে ব্যক্তিগত শত্রুতার জের থাকতে পারে বলে ধারণা করছেন।
তিনি বলেন, গাছের সঙ্গে এমন শত্রুতা করা কোনোভাবেই কাম্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানান তিনি।
শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম এ ঘটনাকে নিন্দনীয় উল্লেখ করে বলেন, রাতের আঁধারে এভাবে গাছ কেটে ফেলা সম্পূর্ণ অন্যায়। বিষয়টি দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা প্রয়োজন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
—জা.অর্থনীতি/এনজে