বিনোদন ডেস্ক: সময়টা ভালোই যাচ্ছে মার্কিন পপ তারকা টেইলর সুইফটের। কিছুদিন আগে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে মোট সাতটি পুরস্কারে ভূষিত হন এই সংগীতশিল্পী। এর মধ্যে ছিলো ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’-এর সম্মাননাও রয়েছে। এরই ধারাবাহিকতায় এবার জনপ্রিয় পুরস্কার ‘আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড’ প্রতিযোগিতায় সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছেন এই পপ তারকা।
মার্কিন সংগীত জগতের অন্যতম গুরুত্বপূর্ণ ‘আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড’ প্রতিযোগিতার আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরে মোট আটটি বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি। এর মধ্যে ‘দ্য ফেইট অব ওফেলিয়া’ গানের জন্য ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’, ‘সং অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন। ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ বিভাগে মনোনীত হয়েছে তার ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ অ্যালবামটি।
প্রসঙ্গত, গত বছর তিনি ছয়টি মনোনয়ন পেয়েছিলেন। তবে এবার সেই সংখ্যা আরও বেড়েছে। ‘ব্যাড ব্লাড’ খ্যাত এই গায়িকা এর আগেই আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড ইতিহাসে সর্বাধিক পুরস্কারজয়ী শিল্পী হিসেবে নিজের অবস্থান পাকা করেছেন। এই প্রতিযোগিতায় ৪০টি অ্যাওয়ার্ড জিতেছেন তিনি। সুইফটের পরে ২৬ অ্যাওয়ার্ড নিয়ে তালিকায় আছেন মাইকেল জ্যাকসন। এবারের মনোনয়নের তালিকায় টেইলর সুইফটের পরেই রয়েছেন সাব্রিনা কার্পেন্টার, অলিভিয়া ডিন, সোম্বর এবং মরগান ওয়ালেন— যারা প্রত্যেকে পেয়েছেন সাতটি করে মনোনয়ন।
কার্পেন্টারও ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ বিভাগে সুইফটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, অলিভিয়া ডিন ও সোম্বর প্রথমবারের মতো এই আয়োজনে মনোনয়ন পেয়েছেন, যার মধ্যে ‘নিউ আর্টিস্ট অব দ্য ইয়ার’ও রয়েছে।
এ ছাড়া, মনোনয়ন পেয়েছেন নেটফ্লিক্সের অস্কারজয়ী অ্যানিমেটেড মিউজিক্যাল ‘কে-পপ ডেমন হান্টার্স’ ছবির গায়ক-গায়িকারাও। ইজে, অড্রি নুনা এবং রেই অ্যামি ‘গোল্ডেন’ গানের জন্য ‘সং অব দ্য ইয়ার’, ‘বেস্ট ভোকাল পারফরম্যান্স’ এবং ‘বেস্ট পপ সং’ বিভাগে জায়গা করে নিয়েছেন। গানটি ইতোমধ্যেই চার্টের শীর্ষে উঠে এসেছে। তারা যদি কোনো একটি বিভাগেও জিতে যান, তবে সেটিই হবে তাদের প্রথম অ্যামা জয়। ভক্তদের ভোটের মাধ্যমেই বিজয়ী নির্ধারণ করা হবে।
আগামী ২৫ মে লাস ভেগাসে অনুষ্ঠিত হবে জমকালো এই আয়োজন। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী কুইন লতিফাহ। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে সিবিএস এবং প্যারামাউন্ট প্লাস।
উল্লেখ্য, আগামী ১৩ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট। দীর্ঘদিনের প্রেমিক এনএফএল তারকা ট্রাভিস কেলসিকে বিয়ে করছেন তিনি। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে অবস্থিত বিলাসবহুল রিসোর্ট ওশান হাউস-এ অনুষ্ঠিত হবে এই তারকার বিয়ে। বিয়ের প্রস্তুতি ইতোমধ্যেই পুরোদমে শুরু হয়েছে। সব মিলে বলা যায়, টেইলর সুইফটের বৃহস্পতি এখন তুঙ্গে। চারিদিকে সাফল্যের জয়ধ্বনি।
—জা. অর্থনীতি/এনএ
