হাতীবান্ধা সীমান্তে উদ্ধার হয়নি বাঘ, পাহারায় হাজারো মানুষ
ছবি: সংগৃহীত

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তে দেখা দেওয়া বাঘটি এখনও উদ্ধার সম্ভব না হওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছে হাজারো মানুষ।

এর আগে রোববার (২৫ অক্টোবর) বিকালে বাঘের আক্রমনে নারীসহ ৩ জন আহত হওয়ার পর মধ্যরাতে ওই সীমান্তে ড্রোন ক্যামেরায় বাঘটি শনাক্ত হয়। তবে শেষ রাতের দিক থেকে ক্যামেরার বাইরে চলে যায় বাঘটি। আজও ড্রোন উড়িয়ে সেটির অবস্থান জানার চেষ্টা করছে বিজিবি।

এদিকে বাঘটিকে নিরাপদে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে বন বিভাগের একটি বিশেষ দল।

গতকাল বিকেলে ওই সীমান্তে আকস্মিক ভাবে দেখা দেওয়া বাঘের হাত থেকে নিজের ছাগলকে বাঁচাতে গিয়ে আক্রমনের শিকার হন এক নারী। পরে সেই নারীকে উদ্ধার করতে গিয়ে আরও ২ জনের উপর হামলে পরে বাঘটি। তাদের ৩ জনকেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাঘ দেওয়া পর ওই সীমান্তে গতকাল থেকে লাঠিসোটা নিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন হাজারো মানুষ। সেটিকে তাড়াতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বিজিবি।

সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাঘটি বাংলাদেশে ঢুকে পড়েছে বলে ধারণা প্রশাসনের। এটি বড় আকারের একটি চিতা বাঘ হতে পারে বলে ধারণা স্থানীয়দের।

—জা. অর্থনীতি/এনজে