লালমনিরহাটে বাঘের আক্রমণে আহত ৩
ছবি: জাতীয় অর্থনীতি

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সীমান্তবর্তী আমঝোল এলাকায় বন্য প্রাণীর (বাঘ সদৃশ) আকস্মিক আক্রমণে তিনজন আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন-আমঝোল গ্রামের শহিদার রহমানের স্ত্রী শরিফা বেগম (৩০), একই এলাকার মৃত মনির হোসেনের ছেলে আফসার হোসেন (৪০) এবং নজরুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় শরিফা বেগম বাড়ির পাশের ধানখেতে ছাগল খুঁজতে যান। এ সময় ছাগলটির কাছাকাছি পৌঁছালে সেখানে ওত পেতে থাকা একটি বন্য প্রাণী (স্থানীয়দের ভাষ্যমতে বাঘ) তাকে অতর্কিত আক্রমণ করে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আফসার হোসেন ও নজরুল ইসলামসহ আরও দুজন আহত হন।

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত উপ-কমি কমিউনিটি মেডিকেল অফিসার মামুন রহমান জানান, আহত তিনজনের অবস্থাজনক বিবেচনায় তাদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের দাবি, সীমান্তবর্তী আমঝোল এলাকায় মাঝে মধ্যেই বন্য প্রাণীর আনাগোনা লক্ষ্য করা যায়। তবে বন্য প্রাণীটি কীভাবে লোকালয়ে প্রবেশ করল এবং বর্তমানে কোথায় রয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধার গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বিরুল হক মোনা জানান, “আক্রমণের ঘটনায় তিনজন আহত হয়েছেন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। ইতিমধ্যে বন্য প্রাণীটির বিষয়ে খোঁজ নিতে প্রাণিসম্পদ বিভাগের লোকজন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।”  

—জা. অর্থনীতি/এলএটি