মাছ ধরা নিয়ে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, চাচাতো ভাই আটক
ছবি: সংগৃহীত

সিলেট প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলায় আফতাব উদ্দিন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই জুয়েল আহমদকে (২৮) আটক করেছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আফতাবের মৃত্যু হয়। 

এর আগে রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার দুপরিরপাড় গ্রামে হামলার ঘটনা ঘটে। নিহত আফতাব উদ্দিন দুপরিরপাড় গ্রামের কালা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুরের মালিকানা নিয়ে আফতাবের পরিবারের সঙ্গে তার চাচা আব্দুল হালিমের ছেলেদের বিরোধ চলে আসছিল। রোববার রাত সাড়ে ১২টার দিকে আফতাব ও তার সহযোগী জাহাঙ্গীর আলম পুকুরে সেচ দিয়ে মাছ ধরছিলেন। এ সময় আফতাবের চাচাতো ভাইসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান। এতে আফতাব গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জাহাঙ্গীর আলমও আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজমান গণি বলেন, পুকুর নিয়ে আফতাবের সঙ্গে তার চাচাতো ভাইদের বিরোধ ছিল। ওই পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে গতরাতে আফতাবের উপর হামলা হয়। ভোরে তিনি মারা যান। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

—জা. অর্থনীতি/এনজে