জাতীয় অর্থনীতি বিনোদন: ছোটপর্দায় নিয়মিত কাজের মধ্য দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেওয়া জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা নতুন দুটি একক নাটকে একসাথে পর্দায় আসছেন।
নাটক দুটির একটি জাকারিয়া সৌখিনের পরিচালনায় ‘ভালো আছো তো’ এবং অপরটি মাসরিকুল আলমের ‘ত্রিভুজ’। এরই মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ‘ভালো আছো তো’ নাটকটি দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। প্রথম দিনেই নাটকটি ৫ মিলিয়নের বেশি দর্শক দেখে ফেলেছে অপূর্ব-নীহার ভক্তরা।
অন্যদিকে, ত্রিভুজ প্রেমের এক ভিন্নধর্মী টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ত্রিভুজ’। এতে অপূর্ব ও নীহার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। একজন লাইব্রেরিয়ান ও তরুণ লেখকের মধ্যকার সম্পর্ক, পারিবারিক টানাপোড়েন এবং পরবর্তীতে সন্দেহ থেকে সৃষ্ট দাম্পত্য জটিলতা নিয়ে কাহিনি আবর্তিত হয়েছে। নাটকটির চিত্রধারণের কাজ শেষ হয়েছে এবং শিগগিরই তা অনলাইনে মুক্তি পাবে।
দুটি আলাদা গল্প ও বৈচিত্র্যময় চরিত্রের এসব নাটক দর্শকদের প্রত্যাশা পূরণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জনপ্রিয় এই দুই তারকা।
উল্লেখ্য, এই জুটির ‘মায়াপাখি’ নাটক বেশ জনপ্রিয় হয় দর্শকমহলে। এছাড়া ‘মনপাখি’, ‘মেঘবালিকা’, ‘অচেনা আমি’ প্রভৃতি নাটকগুলোর ইউটিউব ভিউ দেখলেই বোঝা যায় এই জুটিকে দর্শক কতটা ভালবাসে।
জা. অর্থনীতি/এআর