নর্থ বেঙ্গল চিনিকলে ৩০ অক্টোবর থেকে আখ মাড়াই শুরু
ছবি: জাতীয় অর্থনীতি

নাটোর প্রতিনিধি: নাটোরের গোপালপুরে অবস্থিত নর্থ বেঙ্গল চিনিকলে আগামী ৩০ অক্টোবর (শুক্রবার) থেকে আনুষ্ঠানিকভাবে আখ মাড়াই কার্যক্রম শুরু হতে যাচ্ছে। প্রস্তুতি হিসেবে শনিবার চিনিকলে ওয়াটার ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যরিস্টার ফারজানা শারমীন এ মাড়াই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

চলতি মৌসুমে ১ লাখ ৮০ হাজার টন আখ মাড়াই করে ১১ হাজার ৭০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৬.৫ শতাংশ। মোট ১২৫ মাড়াই দিবস নির্ধারণ করা হয়েছে।

আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে সরকার চলতি মৌসুমে আখের ক্রয়মূল্য কুইন্টাল প্রতি ২৬ টাকা বৃদ্ধি করেছে। ফলে চিনিকল গেটে প্রতি কুইন্টাল আখ ৬৫১ টাকা এবং বাইরের সেন্টারগুলোতে ৬৩৭ টাকা ৪৬ পয়সায় কেনা হবে। এ বছর মিল এলাকায় প্রায় ১৮ হাজার একর জমিতে আখ আবাদ হয়েছে। এ ছাড়া ৫ হাজার ৪৫৪ জন আখচাষীকে উন্নত পদ্ধতিতে আগাম আখ চাষের জন্য ২ কোটি ৭১ লাখ টাকার প্রণোদনা প্রদান করা হয়েছে।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া জানান, মাড়াই কার্যক্রমের প্রস্তুতি হিসেবে কারখানার সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ওয়াটার ট্রায়াল সম্পন্ন হয়েছে। এর আগে গত ৯ অক্টোবর বয়লার ফায়ারিং অনুষ্ঠিত হয়। 

—জা. অর্থনীতি/এলএটি