জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

জাতীয় অর্থনীতি অনলাইন: দেশের উচ্চশিক্ষার সবচেয়ে বড় প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ও নগর কার্যালয়ে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। ভবনগুলোতে ব্যানার স্থাপনের পাশাপাশি বিশেষ ক্রোড়পত্র প্রকাশ ও কেন্দ্রীয় মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে।

১৯৯২ সালের ২০ অক্টোবর জাতীয় সংসদে ৩৭ নম্বর আইন পাসের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পথ তৈরি হয়। পরদিন গেজেট প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।

দেশের উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ওপর শিক্ষার্থীর চাপ কমানো এবং জেলা-উপজেলা পর্যায়ের কলেজগুলোর শিক্ষা কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্য নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।

প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশেষ করে মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও প্রান্তিক পরিবারের অনেক শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। এসব প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন এক লাখের বেশি শিক্ষক।

দেশের সামগ্রিক উচ্চশিক্ষার প্রায় ৭০ শতাংশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় পরিচালিত হয় বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রতিষ্ঠার পর এ পর্যন্ত এক কোটির বেশি স্নাতক ডিগ্রিধারী তৈরি করেছে প্রতিষ্ঠানটি। এসব গ্র্যাজুয়েট শিক্ষা, প্রশাসন, ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দেশে ও বিদেশে কাজ করছেন।

পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষাক্রম আধুনিকায়ন, শিক্ষক প্রশিক্ষণ বাড়ানো, সেশনজট কমানো এবং গবেষণার সুযোগ সম্প্রসারণে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি শিক্ষার মান উন্নয়নেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের বিপুলসংখ্যক শিক্ষার্থীকে মানসম্মত উচ্চশিক্ষার আওতায় আনতে এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

—জা. অর্থনীতি/এএইচএ