স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে জিম্বাবুয়েকে ১৫৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। সেদিকুল্লাহ অতলের দুর্দান্ত সেঞ্চুরি ও ইব্রাহিম জাদরানের ৯০ রানের ইনিংসের পর বল হাতে জ্বলে উঠেছেন রশিদ খান। তার চার উইকেটে মাত্র ১৩৬ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে।
আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। রহমানউল্লাহ গুরবাজ ২০ বলে ২৫ রান করে ফিরলেও দলের ইনিংস সামাল দেন ইব্রাহিম ও অতল। দ্বিতীয় উইকেটে ১৪০ রানের জুটি গড়েন তাঁরা। ৯৬ বলে ৯০ রান করে ফেরেন ইব্রাহিম।
এরপর দ্রুত কয়েকটি উইকেট হারালেও হাশমতউল্লাহ শহিদিকে সঙ্গে নিয়ে দলের সংগ্রহ বাড়ান অতল। নিজের তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি তুলে নেওয়া এই বাঁহাতি ব্যাটার ১১০ বলে ১০২ রান করেন। শহিদির ২৮ রানের সহায়তায় ৫০ ওভারে ২৯৪ রানে অলআউট হয় আফগানিস্তান।
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। ৪৩ রানে চার উইকেট হারানোর পর সিকান্দার রাজা ও রায়ান বার্ল ৬৪ রানের জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করেন। বার্ল ৩১ রান করে ফিরলে আবারও ভেঙে পড়ে দলটি। রাজা করেন ৪৮ রান।
রশিদ খানের ঘূর্ণিতে শেষ পর্যন্ত ৩৮.৪ ওভারে ১৩৬ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। রশিদ ১৭ রানে চারটি এবং ফজলহক ফারুকি ১৫ রানে দুটি উইকেট নেন।
এই জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার লড়াই আরও জমে উঠেছে। ফাইনালে যাওয়ার সমীকরণে টিকে থাকতে আগামী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জিততে হবে বাংলাদেশকে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায়।
জা.অর্থনীতি/এসআই