জাতীয় অর্থনীতি বিনোদন: দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের বহুল প্রতীক্ষিত অ্যাকশনধর্মী সিনেমা ‘জেলার ২’ বক্স অফিসে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে। মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে দর্শকমহলে ঝড় তোলা এই সিনেমাটি চার দিনেই বিশ্বজুড়ে ৪২৪ কোটি রুপির বেশি আয় করে দ্রুত ৫০০ কোটির ক্লাবে প্রবেশের দোরগোড়ায় পৌঁছে গেছে।
বক্স অফিস ট্র্যাকিং সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, গত ১৫ অক্টোবর মুক্তির পর প্রথম চার দিনেই ভারতে ছবিটির নেট আয় দাঁড়িয়েছে ১৯৯ কোটি ৯০ লাখ রুপি (গ্রস ২৩৪ কোটি ২৫ লাখ)। প্রথম দিন প্রায় ৬০ কোটি রূপি দিয়ে খাতা খোলা সিনেমাটি সপ্তাহান্তে অর্থাৎ রোববার এক দিনেই দেশে আয় করে ৫৫ কোটি ৮৫ লাখ রুপি। এদিন ছবিটির গড় দর্শক উপস্থিতি ছিল প্রায় ৬২ শতাংশ।
ভাষাভিত্তিক আয়ে বরাবরের মতোই দাপট দেখাচ্ছে তামিল সংস্করণ, যা কেবল রোববারেই আয় করেছে প্রায় ৪০ কোটি রুপি। তবে হিন্দি, তেলুগু ও কন্নড় সংস্করণেও ছবিটির বাণিজ্যিক সাফল্য চোখে পড়ার মতো।
শুধু ভারত নয়, আন্তর্জাতিক বাজারেও সমানে রাজত্ব করছেন রজনীকান্ত। চার দিনে বিদেশের বাজার থেকেই সিনেমাটির মোট গ্রস আয় এসেছে প্রায় ১৯০ কোটি রুপি। অ্যাকশন আর তারকাখচিত আবহ নিয়ে ‘জেলার ২’ সিনেমাটি যেভাবে এগোচ্ছে, তাতে আগামী দিনগুলোতে বক্স অফিসের আরো বহু পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ার স্পষ্ট ইঙ্গিত মিলছে।
জা. অর্থনীতি/এআর