আন্তর্জাতিক ডেস্ক: রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত সৌদি পাইলটের পরিচয় প্রকাশ করা হয়েছে। নিহত পাইলটের নাম ক্যাপ্টেন হামুদ বিন আলি আল-কালথামি। ওই হামলায় তিন সৌদি নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া সৌদিয়া এয়ারলাইনসের একটি বিমান ধ্বংস হয়েছে এবং বিভিন্ন দেশের বেশ কয়েকজন নাগরিক আহত হয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) দায়িত্ব পালনকালে হামলায় নিহত হন আল-কালথামি। তিনি সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়ার ক্যাপ্টেন হিসেবে কর্মরত ছিলেন।
সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি হামলা চালানো হয়। প্রথম হামলার লক্ষ্য ছিল বিমানবন্দরের স্থাপনা। দ্বিতীয় হামলাটি চালানো হয় সৌদিয়ার একটি বিমান লক্ষ্য করে। এতে কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে কেউ সামান্য, আবার কেউ গুরুতর আহত হয়েছেন।
নিহত পাইলটের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সৌদিয়া এয়ারলাইনস। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইব্রাহিম আল-ওমরও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোকবার্তা দিয়েছেন। সৌদি আরবের আরেক বিমান সংস্থা রিয়াদ এয়ারও নিহত পাইলটের পরিবার ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছে।
এদিকে হামলার নিন্দা জানিয়েছে কানাডা, ভারত, জর্ডান ও রোমানিয়া। দেশগুলো বেসামরিক নাগরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে। বিমানবন্দরে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে সৌদিয়ার ফ্লাইট ও কার্যক্রম স্বাভাবিক হয়েছে। তবে ফ্লাইটের সময়সূচি এখনো পর্যবেক্ষণ করছে সংস্থাটি।
জা.অর্থনীতি/এসআই