বোয়িংয়ের ৭৭৭ কার্গো উড়োজাহাজের উৎপাদন বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক: যন্ত্রাংশ সরবরাহকারীর সঙ্গে বিরোধের জেরে প্রায় দুই মাস ধরে বন্ধ বোয়িংয়ের ৭৭৭ কার্গো উড়োজাহাজের উৎপাদন। একই বিরোধের কারণে ৭৬৭ মডেলের কার্গো উড়োজাহাজ ও কেসি-৪৬ সামরিক উড়োজাহাজের উৎপাদনও ব্যাহত হয়েছে। বোয়িংয়ের কর্মী ও আদালতের নথির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আদালতে দাখিল করা অভিযোগের অনুলিপি অনুযায়ী, গত আগস্টে বোয়িং অভিযোগ করে, ফ্লোরিডাভিত্তিক প্রতিষ্ঠান ভায়েরো উড়োজাহাজের ডানার পেছনে ব্যবহৃত একটি যন্ত্রাংশের কিট সরবরাহ বন্ধ করে দিয়েছে। এতে ওয়াশিংটনের এভারেটে বোয়িংয়ের ডানা তৈরির কারখানায় কাজ ব্যাহত হয়। কারখানাটি ৭৭৭ কার্গো ও ৭৬৭ উড়োজাহাজ তৈরির কার্যক্রমে সহায়তা করে। এ বিরোধের কারণে বোয়িংয়ের প্রতিদিন সর্বোচ্চ ৬৫ লাখ ডলার ক্ষতি হচ্ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটির অভিযোগ, ডানার পেছনের প্রান্তে ব্যবহৃত রিব কিট উড়োজাহাজ তৈরির জন্য ‘অপরিহার্য’ এবং এটি সরবরাহের একমাত্র প্রতিষ্ঠান ভায়েরো।

গত সেপ্টেম্বরের শেষের দিকে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা হলেও ৭৭৭ কার্গো উড়োজাহাজের উৎপাদন এখনও শুরু হয়নি। বিষয়টি সম্পর্কে অবগত বোয়িংয়ের তিনজন কর্মী রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। প্রকাশ্যে কথা বলার অনুমতি না থাকায় তারা নিজেদের নাম প্রকাশ করতে চাননি।

কর্মীদের ভাষ্য, এ বিরোধের কারণে ৭৬৭ মডেলের উৎপাদনও ব্যাহত হয়েছে। তবে সমঝোতার পর এই মডেলের উড়োজাহাজ তৈরির জন্য কিছু যন্ত্রাংশ পেয়েছে বোয়িং।


একটি সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ কীভাবে ব্যাপক চাহিদায় থাকা উড়োজাহাজের উৎপাদন বন্ধ করে দিতে পারে, এ ঘটনা তা তুলে ধরেছে। একইসঙ্গে মহাকাশ ও উড়োজাহাজশিল্পের সরবরাহব্যবস্থার দুর্বলতাও সামনে এসেছে।

গত আগস্টে আইনবিষয়ক সংবাদমাধ্যম ল ডটকম প্রথম এ মামলা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। তবে উৎপাদন প্রায় দুই মাস ধরে ব্যাহত হওয়ার বিষয়টি আগে প্রকাশিত হয়নি। এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে বোয়িং। ভায়েরোও মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

বোয়িংয়ের দুইজন কর্মীর তথ্য অনুযায়ী, ডানার পেছনের প্রান্তে ব্যবহৃত রিব কিট নিজেদের কারখানায় তৈরির উদ্যোগ নিচ্ছে প্রতিষ্ঠানটি। ৭৬৭ ও ৭৭৭ কার্গো উড়োজাহাজের ডানা সংযোজনে এ যন্ত্রাংশ ব্যবহার করা হয়। তথ্য অনুযায়ী, ভায়েরোর যন্ত্রাংশ না পাওয়ায় চূড়ান্ত সংযোজন লাইনে আংশিকভাবে তৈরি দুটি ৭৭৭ কার্গো উড়োজাহাজ সরিয়ে নেয় বোয়িং।

উড়োজাহাজ চলাচলবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান আইবিএর তথ্য বিশ্লেষণ করে রয়টার্স জানতে পেরেছে, উড়োজাহাজ দুইটির একটি সরবরাহ করার কথা ছিল যুক্তরাষ্ট্রের কুরিয়ার ও পণ্য পরিবহন প্রতিষ্ঠান ফেডএক্সকে। এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি ফেডএক্স।

বোয়িংয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ২১টি ৭৭৭ কার্গো উড়োজাহাজ সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি। বিরোধ শুরুর আগে কয়েকটি উড়োজাহাজের ডানা সংযোজন করা হয়েছিল। বোয়িংয়ের দুইজন কর্মীর মতে, এসব উড়োজাহাজের কয়েকটি চলতি বছরের শেষ নাগাদ সরবরাহ করা সম্ভব হতে পারে।