ময়মনসিংহে ডেঙ্গুতে নারীসহ প্রাণ গেল তিনজনের
ছবি: জাতীয় অর্থনীতি

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নারীসহ আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫১ জন ডেঙ্গু রোগী ভর্তি হওয়ায় বর্তমানে মোট ১২৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে মমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাঈনউদ্দিন খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ইদ্রিস আলীর স্ত্রী হারিছা বেগম (৬৫), নান্দাইল উপজেলার ফরিদ মিয়ার ছেলে মিনহাজ (১৮) এবং টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নরিল্লা গ্রামের হযরত আলীর স্ত্রী মরিয়ম (৪৫)।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হন হারিছা বেগম। চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুজনিত শক সিন্ড্রোম ও ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

একই দিন (৭ অক্টোবর) বিকেলে ভর্তি হওয়া ১৮ বছর বয়সী তরুণ মিনহাজ বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে ডেঙ্গুজনিত রক্তক্ষরণ ও ডিআইসি (ডিসিমেট নার্সিং কোয়াগুলেশন) জটিলতায় মারা যান।

অন্যদিকে, বুধবার গভীর রাতে ভর্তি হওয়া মরিয়ম ডেঙ্গু জ্বরের সঙ্গে ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত আটটার দিকে তার মৃত্যু হয়।

মমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাঈনউদ্দিন খান জানান, ভর্তি হওয়া রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও নার্সরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। তবে ডেঙ্গু প্রতিরোধ ও জটিলতা এড়াতে সাধারণ মানুষকে শুরু থেকেই সচেতন থাকার এবং জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষা করানোর পরামর্শ দেন তিনি।

—জা. অর্থনীতি/এলএটি