ঝড় তুলবেন আফরান নিশো

বিনোদন ডেস্ক: ছোটপর্দার সীমানা পেরিয়ে বড়পর্দায় নিজের অনন্য মুন্সিয়ানা দেখানোর পর এবার ভক্তদের জন্য একাধিক সারপ্রাইজ নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। দর্শক হৃদয়ে ঝড় তুলতে তিনি ফিরছেন ব্যাক টু ব্যাক তিন ছবি।

ক্যারিয়ারের শুরুতেই বাজিমাত করা এই তারকাকে নিয়ে ঢালিউডে এখন বইছে উত্তেজনার হাওয়া। আগামী দিনে একে একে তিনটি ভিন্নধর্মী ও মেগা প্রজেক্টে বড়পর্দায় রাজত্ব করবেন আফরান নিশো।

বর্তমানে নিশোকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নির্মাতা ভিকি জাহেদের নতুন সিনেমা ‘পুলসিরাত’। বহুল প্রতীক্ষিত এই প্রজেক্টে তার বিপরীতে বহুদিনের চেনা জুটি হিসেবে ফিরছেন মেহজাবীন চৌধুরী।

প্রযোজক শাহরিয়ার শাকিলের সূত্রে জানা গেছে, সব প্রস্তুতি সম্পন্ন করে আগামী জানুয়ারি মাসের শুরুতেই শুটিংয়ে নামবে টিম ‘পুলসিরাত’। একটানা শুটিং শেষে পোস্ট-প্রোডাকশন সেরে আসন্ন ২০২৬ সালের মার্চে রোজার ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এদিকে শুধু ‘পুলসিরাত’ নয়, নিশোর ঝুলিতে রয়েছে আরও দুটি বড় চমক। পরিচালক ভিকি জাহেদের সঙ্গেই তিনি কাজ করছেন ‘খলনায়ক’ নামের একটি সিনেমাতে। ছবিতে তাঁর সহশিল্পী তমা মির্জা। কলকাতার গোপন লোকেশনে এরইমধ্যে সিনেমাটির প্রথম কিস্তির শুটিংও শেষ হয়েছে বলে জানা গেছে।এছাড়া দর্শকের অন্যতম কৌতূহলের বিষয় হলো ব্লকবাস্টার হিট সিনেমা ‘সুড়ঙ্গ’-ছবির সিক্যুয়াল ‘সুড়ঙ্গ-২’। চলতি বছরের ডিসেম্বরেই প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে এই ছবির। সম্প্রতি প্রকাশিত টিজারে মাসুদের খল ও ভয়ংকর রূপ দর্শকদের হৃদয়ে ব্যাপক সাড়া ফেলেছে।

সবমিলিয়ে, আফরান নিশোর এই তিন সিনেমা বাংলা চলচ্চিত্রের বক্স অফিসে নতুন ইতিহাস গড়তে প্রস্তুত। আগামী দিনগুলো শুধুই নিশোর।

জা. অর্থনীতি/এআর