জাতীয় অর্থনীতি বিনোদন: শারদীয় দুর্গাপূজার আনন্দে মেতে উঠেছেন ঢালিউড অভিনেত্রী পূজা চেরী। মহাষ্টমীর পবিত্র প্রভাতে লাল পেড়ে সাদা শাড়িতে মণ্ডপে মণ্ডপে ঘুরে ভক্তদের মুগ্ধতার সাগরে ভাসালেন জনপ্রিয় এই তারকা।
বেশ কিছুদিন ধরে রুপালি পর্দা ও নতুন সিনেমা থেকে কিছুটা দূরে থাকলেও পূজার উৎসবে নিয়মিতভাবেই অংশ নিচ্ছেন তিনি। সপ্তমীতে বনানীর জমজমাট মণ্ডপ ঘুরে অষ্টমীতে পূজা হাজির হন গ্রামীণ এক পূজামণ্ডপে। হাতভর্তি চুড়ি, হালকা গহনা আর স্নিগ্ধ সাজে তাকে যেন দেবী রূপেই প্রতিভাত হচ্ছিল। মণ্ডপ ও পুকুরঘাটে তোলা ছবিগুলো সামাজিক মাধ্যমে শেয়ার করতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
ছবিগুলোর নিচে নেটিজেনদের ভালোবাসার কমেন্ট বক্সে উপচে পড়েছে প্রশংসার জোয়ার। এক ভক্ত মন্তব্য করেছেন, ‘এক দুর্গার সামনে আরেক দুর্গা।’ মহাষ্টমীর অঞ্জলি দিয়ে পূজা সবার দুঃখ-অন্ধকার মুছে নতুন আশার আলো ও বিশ্ববাসীর মঙ্গল কামনা করেছেন। চিরচেনা এই বাঙালি লুকে পূজার সৌন্দর্যে আবারও মুগ্ধ হয়েছেন তার অগণিত ভক্ত-অনুরাগী।
জা. অর্থনীতি/এআর