আইফোন কেড়ে নিতে বন্ধুকে খুন, ডোবায় মিলল গলিত মরদেহ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন ১১ ছিনিয়ে নেওয়ার লোভে তারেক মিয়া (২২) নামের এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই সহকর্মী ও বন্ধু সাহেলের বিরুদ্ধে। নিখোঁজের পাঁচ দিন পর আজ মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার ফুলবাড়িয়া গ্রামের একটি ডোবা থেকে নিহত তারেকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তারেক মিয়া নবীগঞ্জ উপজেলার চৌশতপুর গ্রামের মারফত উল্লাহর ছেলে। অন্যদিকে অভিযুক্ত সাহেলও একই গ্রামের নুরুজ্জামান মিয়ার ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় রাজমিস্ত্রি তারেক ও সাহেল গত ২১ অক্টোবর কাজের উদ্দেশ্যে নবীগঞ্জ থেকে লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সুরের রহমানের বাড়িতে আসেন। সেখানে কাজ করার সময় তারেকের ব্যবহৃত আইফোন ১১ মডেলের মোবাইল ফোনটির প্রতি লোভ জন্মায় সাহেলের। প্রাথমিক তদন্তে জানা গেছে, ফোনটি হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে পরদিন ২২ অক্টোবর রাতে কৌশলে তারেককে নির্জন স্থানে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করা হয়। পরে ঘটনা ধামাচাপা দিতে ও মরদেহ গুম করতে পাশের একটি ডোবায় ফেলে পালিয়ে যান অভিযুক্ত সাহেল।


এদিকে কাজ শেষে তারেক আর বাড়িতে ফিরে না আসায় এবং সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডির সূত্র ধরে নবীগঞ্জ থানা-পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে এবং সন্দেহের তালিকায় থাকা বন্ধু সাহেলকে আটক করে হেফাজতে নেয়।


পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহেল বন্ধু তারেককে হত্যার কথা স্বীকার করেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার রাতে লাখাই ও নবীগঞ্জ থানা-পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে ফুলবাড়িয়া গ্রামের সংশ্লিষ্ট ডোবা থেকে নিহত যুবকের গলিত মরদেহটি উদ্ধার করে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে এবং এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।