শহিদ সেনা মরদেহ আনতে গিয়ে দুর্ঘটনা, পরিবারের তিন সদস্যসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শহিদ সেনা জওয়ানের পরিবারের তিন সদস্যসহ চারজন নিহত হয়েছেন। অ্যাম্বুল্যান্সে করে শহিদ জওয়ানের মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন শহিদ জওয়ানের ছেলে, ভাই, ভাগ্নে এবং অ্যাম্বুল্যান্সের চালক।

রবিবার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে অযোধ্যা-সুলতানপুর সীমান্তের কাছে দুর্ঘটনাটি ঘটে। চণ্ডীগড় থেকে অ্যাম্বুল্যান্সে করে সুবেদার মেজর সত্যবানের মরদেহ উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার রুদ্রপুর এলাকার গলিয়া দুধাইল্লা গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, পথে অ্যাম্বুল্যান্সটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে শহিদ জওয়ানের ২৮ বছর বয়সী ছেলে গৌরব সিং এবং প্রায় ৩০ বছর বয়সী চালক জসপাল ঘটনাস্থলেই মারা যান।

গুরুতর আহত অবস্থায় শহিদ জওয়ানের ৩৬ বছর বয়সী ভাই রঞ্জন চৌধুরী এবং ৪০ বছর বয়সী ভাগ্নে রাম সমুঝ সিংকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পরিবারের সদস্যদের জানানো হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পাঁচটি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। শহিদ জওয়ান সত্যবানের মরদেহ বর্তমানে থানায় রাখা হয়েছে।

জা.অর্থনীতি/এসআই