জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কাজী নজরুল ইসলাম হল সংসদের উদ্যোগে হলের মসজিদে ছয়টি ২ টনের এসি স্থাপনের কার্যক্রম শেষ হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন হল সংসদের সহসভাপতি (ভিপি) রকিবুল ইসলাম।
হল সংসদ সূত্রে জানা যায়, ইতোমধ্যে এসিগুলোর স্থাপনের কাজ শেষ হয়েছে। এ বিষয়ে হল সংসদের ভিপি রকিবুল ইসলাম বলেন, “আমি হল সংসদে আসার পর থেকেই মসজিদে এসি স্থাপনের চেষ্টা ছিল। হলের শিক্ষার্থীদের সুবিধার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে শিক্ষার্থী, শিক্ষার্থীদের অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এসি স্থাপনের কাজ শুরু করেছি।”
হল সংসদের এ উদ্যোগকে প্রশংসনীয় ও যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট আব্দুর রাজ্জাক। তিনি বলেন, “এটি একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে আমাদের ভিপিসহ হল সংসদ। কারণ হল পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের হল মসজিদ দ্বিতীয়, যেখানে এসির ব্যবস্থা করা হচ্ছে।”
তবে এসি স্থাপনের পর এর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সার্ভিসিং নিয়ে উদ্বেগের কথাও জানিয়েছেন তিনি। প্রভোস্ট বলেন, “আমাদের কনসার্নের জায়গা হচ্ছে এর পরবর্তীতে এসির যে সার্ভিসিং, মেইনটেন্যান্স, সেটা আমাদের জন্য একটা বড় বিষয় হবে।”
মসজিদে এসি স্থাপনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন হলটির আবাসিক শিক্ষার্থীরা। তাদের মতে, বিশেষ করে গরমের সময়ে মসজিদে নামাজ ও ধর্মীয় কার্যক্রমে অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য এ ব্যবস্থা স্বস্তিদায়ক হবে। হল সংসদের উদ্যোগে শিক্ষার্থীদের প্রয়োজনীয়তার বিষয়টি বিবেচনায় নিয়ে এমন কার্যক্রম গ্রহণ করায় তারা সন্তোষ প্রকাশ করেন।
শিক্ষার্থীরা আশা করছেন, এসি স্থাপনের পাশাপাশি ভবিষ্যতে এর নিয়মিত রক্ষণাবেক্ষণও নিশ্চিত করা হবে, যাতে দীর্ঘমেয়াদে শিক্ষার্থীরা এর সুফল পেতে পারেন।
—জা. অর্থনীতি/এলএটি