বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় জাবির ১০ গবেষক
ছবি: জাতীয় অর্থনীতি

জাতীয় অর্থনীতি ক্যাম্পাস: বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১০ জন শিক্ষক ও গবেষক। একই মূল্যায়নে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দশম স্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি।

বুধবার (৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার যৌথভাবে এ তালিকা প্রকাশ করে।

তালিকায় স্থান পাওয়া জাবির গবেষকেরা হলেন অধ্যাপক এ এ মামুন (২৪১), মো. সাইফুল ইসলাম (৫৩১), মো. শরাফাত চৌধুরী (৫৯৯), এস এম দিদার উল ইসলাম (৬৬৫), মো. আল-আমিন খান (৭২৭), অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান (৮৯২), শারমিন সুলতানা (১৮৯০), এম শামীম কায়সার (৫৩২৪), মোহাম্মদ শরীফ উদ্দিন (৮৫১০) এবং আবু বকর সিদ্দিক (৮৭৫৫)।

গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, গবেষণার ধারাবাহিকতা এবং সহ-লেখকদের গবেষণাগত প্রভাবসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে গবেষকদের গবেষণার মান ও প্রভাব মূল্যায়নে এ তালিকাকে গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচনা করা হয়।

এ অর্জনকে বিশ্ববিদ্যালয়ের গবেষণার জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেছেন জাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামসুল আলম। তিনি বলেন, বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষক ও গবেষকের স্থান পাওয়া তাঁদের নিরলস গবেষণা ও মেধার আন্তর্জাতিক স্বীকৃতি।

তিনি আরও বলেন, এ অর্জন বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের গবেষকদের অনুপ্রাণিত করবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তালিকায় স্থান পাওয়া সবাইকে অভিনন্দন জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, তাঁরা ভবিষ্যতেও গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও দেশের সুনাম বয়ে আনবেন।

উল্লেখ্য, বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশ থেকে ৩৪৭ জন গবেষক স্থান পেয়েছেন। চলতি বছর দেশের ৮৮টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে গবেষকেরা এ তালিকায় জায়গা করে নিয়েছেন।

—জা. অর্থনীতি/এলএটি