সিলেট প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ও কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে এবং নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলে জড়িত থাকার সুনির্দিষ্ট অপরাধে মেহেদী আহমেদ (২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) রাতে সিলেট মহানগরীর নোয়াগাঁও সাদিপুর এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। সিলেট কোতোয়ালি থানার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শিমুল চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় এ বিশেষ অভিযান পরিচালনা করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদী আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দীর্ঘদিন ধরে তারেক রহমানকে নিয়ে নানা অশালীন ও কুৎসিত মন্তব্য করে পোস্ট দিয়ে আসছিলেন। একই সঙ্গে মহানগরী এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের বিভিন্ন ঝটিকা মিছিলে তার সরাসরি ও সক্রিয় অংশগ্রহণের অভিযোগ ওঠে।
আটকের বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির চৌধুরী জানান, "নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলে সক্রিয় সম্পৃক্ততা ও বিভিন্ন কর্মকাণ্ডের সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে মেহেদীকে গ্রেপ্তার দেখিয়ে ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।"
ওসি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিদের উদ্দেশ্য করে অশালীন পোস্ট দেওয়ার বিষয়টিও পুলিশের প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মেহেদী এ সংক্রান্ত সমস্ত দায় স্বীকার করেছেন।
—জা. অর্থনীতি/এলএটি