বিমানে মদ না পেয়ে বিমানসেবিকাদের কামড়-আঁচড় দিলেন যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক: বিমানে অতিরিক্ত মদ্যপান করে বিমানসেবিকাদের সঙ্গে ঝামেলায় জড়ালেন এক তরুণী যাত্রী। মদ দিতে অস্বীকার করায় বিমানসেবিকাদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মাঝপথে যুক্তরাষ্ট্রের ব্যাঙ্গর বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটি। পরে পুলিশ ডেকে ওই তরুণীকে বিমান থেকে নামিয়ে নেওয়া হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মিলান থেকে নিউইয়র্কগামী বিমানে ওঠার পর থেকেই মদ্যপান শুরু করেন তরুণী। একপর্যায়ে অতিরিক্ত মদ্যপানের কারণে তার আচরণে পরিবর্তন দেখা দিলে বিমানসেবিকারা আর মদ দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ হয়ে বিমানের প্যান্ট্রির দায়িত্বে থাকা এক কর্মীর পেটে লাথি মারেন তিনি। ওই কর্মী পাশে থাকা এক যাত্রীর গায়ে পড়ে গেলে তার কাঁধে আঘাত লাগে।

এরপর বিমানের দরজা খুলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন তরুণী। তাকে আটকাতে গেলে কয়েকজন বিমানসেবিকাকে কামড় ও আঁচড় দেন বলে অভিযোগ। তার আচরণে আতঙ্কিত হয়ে পড়েন অন্য যাত্রীরা। নিজের আসনে ফিরে যেতে বলা হলেও নির্দেশ মানেননি তিনি। পরে বিমানকর্মীরা তাকে জোর করে মেঝেতে বসিয়ে রাখেন।

ব্যাঙ্গর বিমানবন্দরে অবতরণের পর পুলিশ তরুণীকে জিজ্ঞাসাবাদ করে। তবে মদ্যপ অবস্থায় থাকায় কী ঘটেছে, তা স্পষ্টভাবে মনে করতে পারছেন না বলে জানান তিনি। ঘটনার তদন্ত চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে পুলিশকে তরুণীকে বিমান থেকে নামিয়ে নিতে দেখা যায়। ‘এনজেডটকম’ নামের একটি রেডিট অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়েছে।

জা.অর্থনীতি/এসআই