তিন ভাষায় মোশাররফ করিমের দুই সিরিজ

বিনোদন প্রতিবেদক: বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বহুমাত্রিক অভিনেতা মোশাররফ করিমের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আরও এক ধাপ বাড়ল। মঞ্চ, টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মে নিজের অভিনয়ের দ্যুতি ছড়ানোর পর এবার বৈশ্বিক ডিজিটাল মাধ্যমে নতুন অভিযাত্রায় পা রাখছেন তিনি। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে সাড়া জাগানো তার দুটি ওয়েব সিরিজ—‘মহানগর’ ও ‘বোহেমিয়ান ঘোড়া’ এবার দেখা যাবে গ্লোবাল প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। হিন্দি, তামিল ও তেলুগু—এই তিন ভাষায় অনূদিত হয়ে মুক্তি পাবে সিরিজ দুটি।

নেটফ্লিক্স ও হইচইয়ের মধ্যে সম্পাদিত সাম্প্রতিক এক চুক্তির আওতায় আঞ্চলিক ভাষার হিট কন্টেন্টগুলোকে আরও বড় দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দুই বছরে হইচইয়ের নতুন ও বাছাইকৃত ১৪টি ওয়েব সিরিজ নেটফ্লিক্সে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় স্ট্রিম করা হবে। সেই তালিকাতেই স্থান করে নিয়েছে বাংলাদেশের এই জনপ্রিয় সিরিজ দুটি।

তবে আন্তর্জাতিক এই সংস্করণে ‘বোহেমিয়ান ঘোড়া’ সিরিজের নাম পরিবর্তন করা হয়েছে। হিন্দি ও অন্যান্য ভাষায় এটি মুক্তি পাবে ‘শাদি কা সিয়াপা’ নামে। তবে ‘মহানগর’ সিরিজটির নাম অপরিবর্তিতই থাকছে।

আশফাক নিপুণ পরিচালিত ‘মহানগর’ সিরিজের গল্প গড়ে উঠেছে ঢাকার একটি থানার এক রাতের ঘটনাকে কেন্দ্র করে। এতে ধূর্ত ও কৌশলী পুলিশ কর্মকর্তা ‘ওসি হারুন’ চরিত্রে মোশাররফ করিমের অভিনয় দর্শকমহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়। রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অপরাধ জগতের টান টান গল্পে মোশাররফ করিমের পাশাপাশি অভিনয় করেছেন জাকিয়া বারী মম, শ্যামল মাওলাসহ আরও অনেকে।

অন্যদিকে, অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘বোহেমিয়ান ঘোড়া’ একটি ড্রামা-কমেডি ঘরানার গল্প। এতে মোশাররফ করিম অভিনয় করেছেন ‘আব্বাস’ নামের এক খামখেয়ালি ট্রাকচালকের চরিত্রে, যে সাতটি জেলায় সাতটি বিয়ে করে সুনিপুণভাবে সবার চোখ ফাঁকি দিয়ে সংসার চালিয়ে যায়। ঘটনাচক্রে অষ্টম বিয়ে করার পর তার জীবনে নেমে আসে চরম বিশৃঙ্খলা। এই সিরিজে তার সঙ্গে অভিনয় করেছেন রুনা খান, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান প্রমুখ। ইতোমধ্যে নির্মাতারা জানিয়েছেন, সিরিজটির সাফল্য দেখে ‘বোহেমিয়ান ঘোড়া ২’-এর চিত্রনাট্য লেখার কাজও শুরু হয়েছে।

দুই বাংলায় ইতোপূর্বে আলোড়ন সৃষ্টি করা এই ওয়েব সিরিজ দুটি এখন নেটফ্লিক্সের মাধ্যমে ভারতসহ বিশ্বের নানা প্রান্তের অসংখ্য় দর্শকের দোরগোড়ায় পৌঁছে যাবে। ফলে মোশাররফ করিমের অভিনয় প্রতিভার খ্যাতি যে আন্তর্জাতিক পরিসরে নতুন মাত্রা পাবে, তা বলাই বাহুল্য।