রংপুর প্রতিনিধি: রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত, দ্রুত বিচার এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে রংপুর মহানগর নাগরিক কমিটি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ ও সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রংপুর জেলা প্রশাসক ইসরাত জাহানের মাধ্যমে এ স্মারকলিপি হস্তান্তর করে।
এ সময় প্রতিনিধিদলে মাহফুজ হোসেন, বীথি দাস নন্দিনী ও বিজয় প্রসাদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপি প্রদান শেষে রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “গণপতি স্যার ও তার পরিবারকে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ইয়াবা সেবন দেখে ফেলার কারণে এই চার হত্যা ঘটেছে- পুলিশের এমন মনগড়া বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হত্যাকাণ্ডের মূল রহস্য ও অবসরের পাওনা অর্থ সংক্রান্ত কোনো আর্থিক লেনদেনের যোগসূত্র আছে কি না, তা এড়িয়ে যাওয়া হচ্ছে।”
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, “হত্যাকান্ডের ৯ দিন পর আসামিদের ডোপ টেস্ট করানো এবং ১২ দিন পর ৩৫টি গুরুত্বপূর্ণ আলামত ফরেনসিকে পাঠানো সুস্পষ্ট অবহেলা ও নিরপেক্ষতা হারানোর প্রমাণ। কোনো বিশেষ পক্ষকে আড়াল করার চেষ্টা করা হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদেরও আইনের আওতায় আনতে হবে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা একটি নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার বিভাগীয় তদন্তের জোর দাবি জানাচ্ছি।”
—জা. অর্থনীতি/এলএটি