সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউনুস আলী (৫০) নামের এক ঝাল মুড়ি বিক্রেতা ও আব্দুর রাজ্জাক (৫০) নামের একজন মুরগী খামারির মৃত্যু হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার কামালনগর ও শ্যামনগর উপজেলার ছোটভেটখালী গ্রামে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাতক্ষীরা পৌর এলাকার কামালনগর গ্রামের ঝালমুড়ি বিক্রেতা মো. ইউনুস হোসেন (৫০) এবং শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোটভেটখালী গ্রামের আব্দুর রাজ্জাক (৫০)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৬টার দিকে শহরের কামালনগর গোরস্থান সংলগ্ন নিজ বাড়িতে প্রতিদিনের মতো ঝালমুড়ি বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন ইউনুস হোসেন। ঘরের পাশে রাখা ভ্যানগাড়িটি গোছানোর সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন তিনি। ঘরের টিনের চাল থেকে লিক হওয়া বিদ্যুতের তারের মাধ্যমে পুরো ভ্যানগাড়িটি আগেই বিদ্যুতায়িত হয়েছিল। স্পর্শমাত্রই তিনি ঘটনাস্থলে মারা যান। নিহত ইউনুস হোসেন দীর্ঘদিন ধরে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ঝালমুড়ি বিক্রি করে আসছিলেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অপরদিকে, সকাল আনুমানিক ৯টার দিকে শ্যামনগর উপজেলার ছোটভেটখালী গ্রামে নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় দুর্ঘটনার শিকার হন আব্দুর রাজ্জাক। অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন। দুটি মর্মান্তিক দুর্ঘটনায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।

—জা. অর্থনীতি/এলএটি