সিলেট প্রতিনিধি: চলতি বছরের আগস্ট মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৪৭ জনের প্রাণহানি ও ১২২ জন আহত হয়েছেন, যা এক মাসে পুরো বিভাগে চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। মে মাসে সর্বোচ্চ ৫১ জনের মৃত্যুর পর এটি দ্বিতীয় সর্বোচ্চ।
রোববার (৬ সেপ্টেম্বর) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, আগস্ট মাসে বিভাগে সংঘটিত মোট ৩৫টি দুর্ঘটনার মধ্যে সিলেট জেলাতেই ১৭টি দুর্ঘটনায় সর্বোচ্চ ২৭ জন নিহত ও ৬৯ জন আহত হয়েছেন। এ ছাড়া হবিগঞ্জ জেলায় ৯টি দুর্ঘটনায় ১২ জন, সুনামগঞ্জে ৫টি দুর্ঘটনায় ৪ জন এবং মৌলভীবাজারে ৪টি দুর্ঘটনায় ৪ জন নিহত হন। বিশেষ করে ঢাকা-সিলেট মহাসড়কের সিলেট অংশে ১০টি দুর্ঘটনায় ২৪ জন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে কেবল ওসমানীনগর উপজেলাতেই ৩টি দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি জহিরুল ইসলাম মিশু জানান, স্থানীয় ও জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল, শাখা সংগঠনের তথ্য ও অপ্রকাশিত ঘটনার উপাত্ত বিশ্লেষণ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে ৩৮ জন পুরুষ, ৬ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। যানভিত্তিক হিসেবে ১১ জন মোটরসাইকেল আরোহী, ৯ জন সিএনজি-টমটম আরোহী, ১২ জন চালক ও ৭ জন পথচারী নিহত হন। দুর্ঘটনার ধরন হিসেবে মুখোমুখি সংঘর্ষে ২৭ জন এবং গাড়ি নিয়ন্ত্রণ হারানোর ঘটনায় ৫ জন মারা যান।
সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে বেপরোয়া ওভারটেকিং, অতিরিক্ত গতি, ফিটনেসবিহীন যানবাহন, মানসম্মত হেলমেট ব্যবহারে উদাসীনতা, পথচারীদের অসচেতনতা এবং সড়কের নির্মাণ ত্রুটিকে চিহ্নিত করেছে নিসচা। উল্লেখ্য, এর আগের মাস জুলাইয়ে বিভাগে ২৮টি দুর্ঘটনায় ৩১ জন নিহত হয়েছিলেন।
—জা. অর্থনীতি/এলএটি