মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলাসহ জেলার অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান আশঙ্কাজনকভাবে নেমে গেছে। এতে অভিভাবকরা তাদের সন্তানদের এসব স্কুল থেকে সরিয়ে নিচ্ছেন, যার ফলে প্রতিবছর ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি শ্রেণিকক্ষে উপস্থিতি মারাত্মকভাবে হ্রাস পাচ্ছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সরেজমিনে বিভিন্ন বিদ্যালয়ে এমন চিত্র দেখা যায়।
পরিদর্শনকালে বিশেষ করে গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি মোট ভর্তির এক-তৃতীয়াংশের নিচে পাওয়া গেছে। নিয়মিত মনিটরিংয়ের অভাব, স্থানিয় প্রভাবশালী শিক্ষকদের ইচ্ছামতো আসা-যাওয়া এবং নতুন শিখন পদ্ধতির ঘাটতির কারণে অভিভাবকরা মাদরাসা ও কিন্ডারগার্টেনের দিকে ঝুঁকছেন। সরকারি তথ্য মতে, জেলার ১ হাজার ৫২টি সরকারি স্কুলের মধ্যে ২৭৪টিতে প্রধান শিক্ষক এবং ২২৩টিতে সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে, যা নিয়মিত পাঠদান ব্যাহত হওয়ার প্রধান কারণ।
অভিভাবকদের দাবি, কমিটিগুলো নিষ্ক্রিয় থাকায় ও শিক্ষক সংকটে পরিকাঠামোগত মান দিন দিন কমছে। এ বিষয়ে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আনিছুর রহমান জানান, শিক্ষার্থীদের উপস্থিতির জন্য অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন। আর জটিলতা কাটলে পর্যায়ক্রমে প্রধান শিক্ষকের শূন্য পদে নিয়োগ সম্পন্ন করা হবে বলে জানান তিনি।
—জা. অর্থনীতি/এলএটি