ট্রেনের ছাদ থেকে যুবককে ধাক্কা দিয়ে বনে ফেলে দিল দুর্বৃত্তরা
ছবি: সংগৃহীত

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেসের ছাদ থেকে মো. রাজু মিয়া (৩৫) নামের এক যুবককে ছিনতাই করে ধাক্কা দিয়ে গভীর বনে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘমারা বন ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রাজু সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে রাজু মিয়া ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে বাড়ি ফিরছিলেন। ট্রেনটি লাউয়াছড়া বনের বাঘমারা ক্যাম্প এলাকা অতিক্রম করার সময় ছাদে থাকা ২ জন দুর্বৃত্ত তার মোবাইল ও সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়। পরে তাকে ধাক্কা দিয়ে ট্রেন থেকে নিচে ফেলে দেওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনাটি দেখতে পেয়ে মিজানুর রহমান নামের স্থানীয় এক বাসিন্দা তাৎক্ষণিকভাবে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরবর্তীতে উন্নত চিকিৎসা ও আইনগত ব্যবস্থা নিতে তাকে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের (জিআরপি) কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন, ঘটনাটি ট্রেনের এবং রেললাইনের আওতাধীন। এজন্য আহতকে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। আহত রাজু মিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

—জা.অর্থনীতি/এনজে