জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি হলেন জাকসুর আহসান লাবিব
ছবি: জাতীয় অর্থনীতি

জাবি প্রতিনিধি: জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত) পদে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সমাজসেবা ও মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক আহসান লাবিব। সংগঠনটির সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ব্যক্তিগত কারণে পদত্যাগ করায় তাকে ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে স্বাক্ষর করেছেন সংগঠনটির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান।

নোটিশে বলা হয়, জাতীয় ছাত্রশক্তির পঞ্চম সাধারণ সভায় কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন। সভায় উপস্থিত কেন্দ্রীয় সংসদের সদস্যদের মতামত ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আহসান লাবিবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়েছে।

আহসান লাবিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হন। নতুন দায়িত্ব পাওয়ার ফলে তিনি জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

সংগঠনটির নোটিশ অনুযায়ী, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আহসান লাবিব ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

—জা. অর্থনীতি/এলএটি