তিস্তা ব্যারেজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
ছবি: জাতীয় অর্থনীতি

লালমনিরহাট প্রতিনিধি: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পরিদর্শন করেছেন। তিন দিনের উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে রোববার তিনি এই গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন এবং স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

রোববার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় মার্কিন রাষ্ট্রদূত সফরসঙ্গীদের নিয়ে হাতীবান্ধা উপজেলার তিস্তা অবসর রেস্ট হাউজে পৌঁছান। 

তিন দিনের সফরে তিনি লালমনিরহাট ও পঞ্চগড় ছাড়াও ঠাকুরগাঁও, দিনাজপুর এবং নীলফামারীর বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। সেখানে তিনি স্থানীয় প্রশাসন, পাউবোর ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সাথে মতবিনিময় করেন। সভায় তিস্তা ব্যারেজের পরিচালনা, পানি বণ্টন ব্যবস্থা এবং উত্তরাঞ্চলের বন্যা নিয়ন্ত্রণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মতবিনিময় সভা শেষে রাষ্ট্রদূত তিস্তা ব্যারেজের কন্ট্রোল রুম, নদী ও পানির স্তর এবং সেচ ক্যানেলের কার্যক্রম পরিদর্শন করেন। পরে ব্যারেজের মূল সেতু পায়ে হেঁটে ঘুরে দেখে দুপুর ২টায় পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা হন।

—জা. অর্থনীতি/এলএটি