এতিম শিশুদের জন্য ৩২ লাখ টাকার অনুদান বিতরণ
ছবি: জাতীয় অর্থনীতি

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ৬টি বেসরকারি এতিমখানায় বসবাসকারী প্রায় আড়াই শতাধিক এতিম শিশুর জন্য ক্যাপিটেশন গ্রান্টের ৩১ লাখ ৬৮ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুদানের চেক বিতরণ করেন।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থ বছরে সমাজসেবা মন্ত্রণালয়ের অধীনে ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত কালীগঞ্জের ৬টি বেসরকারি এতিমখানার ২৬৪ জন এতিম শিশুর শিক্ষা ও জীবিকা নির্বাহের জন্য মোট ৩১ লাখ ৬৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। সুবিধাবঞ্চিত ও অনাথ শিশুদের পড়ালেখা নিশ্চিত করে সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই এই সহায়তা প্রদান করা হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদ ইশরাক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল আহাদ লাজু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুকান্ত সরকার এবং বীর মুক্তিযোদ্ধা মোহসীন আলী টুলু। —জা. অর্থনীতি/এলএটি