প্রি-পেইড মিটার বাতিল ও লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন
ছবি: জাতীয় অর্থনীতি

লালমনিরহাট প্রতিনিধি:  লালমনিরহাটে প্রি-পেইড বিদ্যুৎ মিটার বাতিল এবং ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিদ্যুৎ গ্রাহকরা।

সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় জেলার হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নে আয়োজিত ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে প্রায় পাঁচ শতাধিক বিদ্যুৎ গ্রাহক অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রি-পেইড মিটারে বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ কেটে নেওয়া হচ্ছে। এতে সাধারণ গ্রাহকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই প্রি-পেইড মিটার বাতিল করে আগের অ্যানালগ (পোস্টপেইড) মিটার ব্যবস্থা বহাল রাখার দাবি জানান তারা।

এ সময় অংশগ্রহণকারীরা বলেন, প্রি-পেইড মিটারের পাশাপাশি এলাকায় দীর্ঘদিন ধরে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বিদ্যুতের অনিয়মিত সরবরাহের ফলে শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন।

মানববন্ধনে বিদ্যুৎ বিভাগের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে সেগুলোর তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান গ্রাহকরা। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।  

—জা. অর্থনীতি/এলএটি