ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলার তারাকান্দিতে রেললাইনের পাশ থেকে ৯ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মাদ আল ফাহাদ এই তথ্য নিশ্চিত করেন।
শনিবার (০১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার চরযশোরদী ইউনিয়নের তারাকান্দি রেললাইনের পাশে পারিবারিক কবরস্থানের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিশু মাহমুদা (৯) তারাকান্দি গ্রামের ইদ্রিস মোল্ল্যার মেয়ে। সে চার ভাই-বোনের মধ্যে সবার ছোট।
শিশু ধর্ষণের অভিযোগে ১ জন গ্রেপ্তার
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, বিকাল ৫টা থেকে শিশুটি নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়েন। পরে প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে থানা থেকে পুলিশ এসে খোঁজাখুঁজির একপর্যায়ে তারাকান্দি রেললাইনের পাশে পারিবারিক কবরস্থানের পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
সহকারী পুলিশ সুপার জানান, "প্রাথমিকভাবে বিষয়টি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, অন্য আরেকটি শিশুর সাথে খেলতে গিয়ে আঘাতে তার মৃত্যু হয়েছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।"
তিনি আরও জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি