স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলার দাবিতে লাখো ভক্তের পিটিশন
ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: সদ্য সমাপ্ত ২০২৬ ফুটবল বিশ্বকাপের স্পেন-আর্জেন্টিনা ফাইনাল ম্যাচটি পুনরায় আয়োজনের দাবি জানিয়েছেন ফুটবল ভক্তরা। ফাইনালে ম্যাচ পরিচালনায় অনিয়মের অভিযোগ তুলে ম্যাচটি পুনর্বিবেচনার দাবিতে আর্জেন্টিনায় ৬১ হাজার ৫০০-এর বেশি মানুষ একটি অনলাইন পিটিশনে স্বাক্ষর করেছেন।

ডিজিটাল প্ল্যাটফর্ম ‘চেঞ্জ ডট ওআরজি’-তে গিসেলা সানচেজ নামের এক ফুটবল অনুরাগী এই ক্যাম্পেইনটি চালু করেন। পিটিশনে স্লোভেনীয় রেফারি স্লাভকো ভিনচিস ও ভিএআরের বিতর্কিত সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আবেদন জানানো হয়েছে।

পিটিশনটির উদ্যোক্তার দাবি, রেফারিংয়ের ভুলে ম্যাচের গতিপথ পরিবর্তন হয়ে গিয়েছিল। তবে এ বিষয়ে তিনি কোনো স্পষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেননি। আইনি ও প্রাতিষ্ঠানিক দিক থেকে এ ধরনের ডিজিটাল আবেদনের চূড়ান্ত ফলাফল বাতিলের কোনো আইনগত বৈধতা নেই। ফিফা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যতিক্রমী সিদ্ধান্ত না নিলে ম্যাচ পুনরায় আয়োজনের কোনো সুযোগ নেই।

উল্লেখ্য, গত ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে ফেররান তোরেসের দেওয়া একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন। এর আগে সেমিফাইনালে স্পেনের পেনাল্টি গোল নিয়ে বিতর্ক তুলে ফ্রান্সের ৮২ হাজার সমর্থকও ম্যাচটি পুনরায় আয়োজনের দাবিতে ক্যাম্পেইন চালিয়েছিলেন, যার কোনো আনুষ্ঠানিক ফল পাওয়া যায়নি।

—জা. অর্থনীতি/এলএটি