স্পোর্টস ডেস্ক: আজারবাইজানে অনুষ্ঠেয় ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্ব ফুটবল উৎসবে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২৪ থেকে ৩০ অক্টোবর বাকুতে আয়োজিত এই বৈশ্বিক যুব আসরে ১৪ সদস্যের দল নিয়ে লাল-সবুজের প্রতিনিধিত্ব করবে তরুণ ফুটবলাররা।
ফিফার ১৮৯টি সদস্য দেশের সমন্বয়ে এটিই এই টুর্নামেন্টের প্রথম আসর। ছোট আকারের মাঠে ৮ জন করে ফুটবলার নিয়ে ২০ মিনিট করে দুই অর্ধে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। টুর্নামেন্টে ‘জি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ পর্তুগাল, ওয়েলস, বুরুন্ডি, ফিজি ও ইন্দোনেশিয়া। দলের কোচের দায়িত্বে থাকছেন আকবর হোসেন রিদন।
বিকেএসপি ও জাতীয় চ্যাম্পিয়নশিপ থেকে বাছাই করা ফুটবলারদের নিয়ে গঠন করা হয়েছে এই দল। তবে মূল লক্ষ্য শুধু জয় নয়; বরং সম্মান, শৃঙ্খলা ও ফেয়ার প্লে প্রদর্শন করাই প্রধান উদ্দেশ্য বলে জানিয়েছেন বাফুফে সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী।
উল্লেখ্য, তরুণদের আন্তর্জাতিক অঙ্গনে অভিজ্ঞ করার লক্ষ্যেই ফিফার এই আয়োজন।
জা. অর্থনীতি/এআর