চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
রোববার (১৯ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার ছোট কুমিরা বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ও কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. আশেক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নোয়াখালীগামী জোনাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা ও কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আহত ৬ জনকে ভর্তি করেন। অজ্ঞাতপরিচয় মৃত ব্যক্তির মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এদিকে ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করা হয়। ৭ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়।
—জা. অর্থনীতি/এনজে